ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে এইচএসসির ফল!

ads

করোনা পরিস্থিতিতে বাতিল হওয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। জানা গেছে, আগামী ৫-৬ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ হবে। শুক্রবার (১ জানুয়ারি) শিক্ষামন্ত্রণালয় ও বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করতে হয়।


আগামী সোমবার (৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তখন এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পেলে আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ফল প্রকাশ করা হবে।


এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক নেহাল আহমেদ বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারির পর রেজাল্ট প্রকাশ করা হবে।’


তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, আগামী বুধবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতি মহোদয় অধ্যাদেশ জারি করবেন। এরপর আমরা রেজাল্ট প্রকাশ করব। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না।’


এর আগে গত ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

এ বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হলেও দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এইচএসসি পরীক্ষা আর নেওয়া সম্ভব হয়নি। তার আগেই ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।


বছরের শেষভাগে এসে জানানো হয়, এবার মহামাররি মধ্যে আর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না; পরীক্ষার্থীদের অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

ads
ads
ads

Our Facebook Page